এপ্রিল ২৪, ২০২১, ০৪:০০ পিএম
বলিউড অঙ্গনে করোনা ভাইরাস দিন দিন ভয়াবহ রুপ ধারণ করছে। করোনার প্রকোপ থেকে রেহাই না পেয়ে চলে যান বিখ্যাত সুরকার শ্রাবণ রাঠোর। জানা গেছে, স্ত্রীসহ কুম্ভমেলায় গিয়েছিলেন তিনি। সেখান থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই সুরকার। তার মৃত্যুর পর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন শ্রাবণের স্ত্রী এবং সন্তান।
গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণ রাঠোর। তার আক্রান্তের বিষয় নিয়ে কথা বলেছেন সুরকারের বড় ছেলে সঞ্জীব রাঠোর। যদিও সঞ্জীব নিজেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন এবং তার সাথে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মা বিমলা দেবী।
সঞ্জীব জানিয়েছেন, হরিদ্বারে কুম্ভমেলায় গিয়েছিলেন তার বাবা শ্রাবণ রাঠোর এবং মা বিমলা দেবী। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলেই মনে করছেন তারা। কারণ ফেরার পর থেকেই তাদের শ্বাসকষ্ট শুরু হয় এমনটাই জানান সঞ্জীব। তারপর তাদের করোনা পরীক্ষা করা হলে স্বামী-স্ত্রী দু’জনেরই রিপোর্ট পজিটিভ আসে। শ্রাবণের শারীরিক অবস্থার অবিনতি ঘটায় তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় আক্রান্তের ফলে তার শরীরে আরও একাধিক রোগ থাকায় তার অবস্থা সংকটজনক হয়। শেষ কয়েকদিন তাকে আইসিইউ-তেও স্থানান্তর করা হয়েছিল বলে জানিয়েছেন সঞ্জীব।
কুম্ভমেলার ভিড় দেখে প্রত্যেকের চোখই কপালে উঠেছিল। এই করোনা পরিস্থিতিও মানুষজনকে আটকে রাখতে পারেনি এই মেলা থেকে। লাখ লাখ মানুষ ছুটে গিয়েছিল কুম্ভমেলায়। সামাজিক দূরুত্ব, মাস্ক, স্যানিটাইজার কোনও কিছুরই বালাই ছিল না তাদের মধ্যে। যার ফলে কুম্ভমেলা থেকে বহু সংখ্যক মানুষ ফিরেছে কোভিড আক্রান্ত হয়ে। আর তাদেরই মধ্যে ছিলেন বলিউডের নব্বই দশকের জনপ্রিয় সুরকার শ্রাবণ রাঠোর। নাদিম- শ্রাবণ জুটির এক স্তম্ভ খসে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন নাদিম-সহ গোটা বলিউড।