কোক স্টুডিওর ‘দখিনও হাওয়া’ নকলের অভিযোগ, অর্ণব বললেন কাকতালীয়

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ০৬:২৩ পিএম

কোক স্টুডিওর ‘দখিনও হাওয়া’ নকলের অভিযোগ, অর্ণব বললেন কাকতালীয়

‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজনে আটটি গান প্রকাশিত হয়েছে। সবগুলো গানই পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এবার প্রকাশিত নতুন গানে নকলের অভিযোগ উঠে। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে অষ্টম গান ‘দখিনও হাওয়া’।

মীরা দেব বর্মনের লেখা ও সচীন দেব বর্মনের গাওয়া বিখ্যাত গানটি নতুন করে গেয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী। ওই গানের সঙ্গে নতুন কয়েকটি লাইন যুক্ত করে ফিউশন করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন অভিনেতা-সংগীত শিল্পী তাহসান খান।

মূলত তাহসানের অংশটুকু নিয়েই নকলের অভিযোগ উঠেছে। অনেকের দাবি, এই অংশের সুর মার্কিন কণ্ঠশিল্পী ক্লাইরোর গান ‘সোফিয়া’ থেকে নকল করা হয়েছে।  সেই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

২০১৯ সালে ইউটিউবে প্রকাশিত ক্লাইরোর ওই গানটির মিউজিকের সঙ্গে কোক স্টুডিওর গানটির শেষ দিকের মিউজিক মিলে যায়। তবে এই মিলকে একেবারেই কাকতালীয় বলে দাবি করেছেন কোক স্টুডিও বাংলার মূল মিউজিক প্রোডিউসার এবং এই গানের সংগীতায়োজক অর্ণব। 

এই গায়ক জানান, তিনি কখনো ক্লাইরোর ‘সোফিয়া’ গানটি শোনেননি। তাই মিল পাওয়া গেলেও সেটা কাকতালীয়। অর্ণবের ভাষ্য, ‘এত বড় আয়োজনের গান নকল করার প্রশ্নই আসে না। তবে অনাকাঙ্খিতভাবে সুর মিলে গেলে আমাদের কী করার আছে। ’

‘শোনো গো দখিনও হাওয়া’ গানের সঙ্গে যুক্ত করা নতুন অংশটি লিখেছেন গাউসুল আলম শাওন। এর সুর সাজিয়েছেন অর্ণব। শোনা যাচ্ছে, এটি কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের শেষ গান। যদিও এ বিষয়ে মুখ খুলেননি আয়োজনটির কর্তৃপক্ষ।  

Link copied!