ক্যাটরিনা আউট, কিয়ারা ইন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২৩, ১০:০৭ এএম

ক্যাটরিনা আউট, কিয়ারা ইন

বিয়ের পর পরই ভাগ্য খুলে গেল বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির! ঠাণ্ডা পানীয়, স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি। কয়েক বছর ধরেই ফলভিত্তিক জনপ্রিয় পানীয় ‘স্লাইস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনা কাইফ ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। স্লাইসের বিজ্ঞাপন মানেই ক্যাটরিনা। তবে এবার ব্র্যান্ডটি পরিবর্তন এনেছে তাদের বিজ্ঞাপনে। স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনার বদলে এখন নতুন মুখ কিয়ারা আদভানি।

গতকাল শুক্রবার ম্যাঙ্গো ড্রিংক ব্র্যান্ড স্লাইসের নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন সিদ্ধার্থ ঘরণী কিয়ারা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিয়ারা তার নতুন বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন। এতে হলুদ রঙের এক-কাঁধের রাফলড টপ ও ম্যাচিং স্কার্টে দেখা গেছে অভিনেত্রীকে। বিজ্ঞাপনটিতে কিয়ারার ঠোঁটের একটি ক্লোজ আপ শটও রয়েছে যা ভক্তদের ক্যাটরিনা কাইফের বিজ্ঞাপনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। বিজ্ঞাপনটি শেয়ার করে কিয়ারা রসালো আমের স্বাদে তৈরি ‘স্লাইস ম্যাঙ্গো ড্রিংকস’ খাওয়ার আহ্বানও জানিয়েছেন সকলকে।

এদিকে বিজ্ঞাপনে নতুন লুকে কিয়ারাকে দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞাপনটির প্রশংসায় পঞ্চমুখ কিয়ারার অনুরাগীরা। তবে কেউ কেউ আবার ক্যাটরিনাকেও মিস করছেন বলে মতামত প্রকাশ করেছেন।

জনপ্রিয় স্লাইস ব্র্যান্ডটি  গত বছর অ্যাম্বাসাডর পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন এই ব্র্যান্ডটির অ্যাম্বাসাডর হিসেবে জনপ্রিয় মুখ ছিলেন। এবার তার বদলে কিয়ারাতেই আস্থা রাখছে ব্র্যান্ডটি। বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী হিসেবেই কিয়ারাকে যুক্ত করেছে স্লাইস কর্তৃপক্ষ।

হিন্দি ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী ২০১৪ সালের ‘ফুগলি’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয় জগতে প্রবেশ করেন। পরবর্তীতে ‘এস এম ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ (২০১৬) এবং ‘কবির সিং’ (২০১৯) ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।

রোমান্টিক ড্রামা ‘কবির সিং’ এবং কমেডি ড্রামা ‘গুড নিউজ’ সর্বাধিক আয়কারী হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন কিয়ারা।

বিয়ের রেশ কাটতে না কাটতেই ক্যাটরিনার জায়গা দখলে নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী। কার্তিক আরিয়ানের সাথে ‘সত্যপ্রেম কি কথা’ চলচ্চিত্রে খুব শিগগিরই দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।

Link copied!