গাড়ির উপর ভেঙে পড়ল গাছ! অল্পের জন্য রক্ষা অভিনেত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২২, ০৫:৩০ পিএম

গাড়ির উপর ভেঙে পড়ল গাছ! অল্পের জন্য রক্ষা অভিনেত্রীর

ভারতের পশ্চিমবঙ্গে বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল মিঠাই’য়ের অভিনেত্রী অনন্যা গুহ দুর্ঘটনার কবলে পড়েছেন। কলকাতার বৌবাজার থেকে টলিগঞ্জের স্টুডিওপাড়ায় যাবার সময় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী ও তাঁর বাবা।

রাস্তার উপর আমচকাই একটি গাছ উল্টে যায় তাঁদের গাড়িতে। এসপি মুখার্জি রোডের উপর দিয়ে যাওয়ার সময়ই ঘটে এই দুর্ঘটনা। হুড়মুড়িয়ে একটি বিরাট গাছ ভেঙে পড়ে মিঠাই-এর ‘সিরিয়াল দাদা’র নতুন বউয়ের গাড়ির উপর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনন্যার গাড়িটি। অভিনেত্রী ও তার বাবার কোনো আঘাত লাগেনি। এ ঘটনার পর গাড়ির দরজা খুলে তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। পরে গাছটি কেটে সরিয়ে দেওয়া হয়।

কলকাতার পুলিশের ধারণা, গত শনিবারের কালবৈশাখিতে গাছের গোড়া আলগা হয়ে যাওয়াতেই সেটি উল্টে পড়েছে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে 'শক' পান অনন্যা।

গাড়ির বাইরে বার করে আনবার পর অভিনেত্রীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। তবে কিছুক্ষণের মধ্যেই ধাতস্থ হয়ে শ্যুটিং সেটে পৌঁছান অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই জানান, একদম সুস্থ রয়েছেন তিনি। অনন্যা লিখেছেন, ‘আমি এবং আমার বাবা একদম সুস্থ রয়েছি। কারুর কোনও চোটাঘাত লাগেনি। সকলকে ধন্যবাদ আমাদের কথা ভাববার জন্য়। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না। আমি একদম ঠিক আছি, এবং মিঠাই আর লক্ষ্মী কাকিমা সুপারস্টারের শ্যুটিং করছি’। 

বাংলা টেলিভিশন দুনিয়ার পরিচিত নাম অনন্যা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সুবাদে ব্যাপক পরিচিতি পান তিনি।  মুন্নির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন।  আপতত জি বাংলারই দুটি সিরিয়ালে দেখা যাচ্ছে তাঁকে, লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং মিঠাই। 

Link copied!