ঢালিউডের জনপ্রিয় তারকা প্রার্থনা ফারদিন দীঘি। চলতি বছরেই শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। এরই সাথে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সিনেমা 'বঙ্গবন্ধু'-তে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শেষ করে দেশে ফিরেছেন দীঘি। আর ফিরেই চমকে দিলেন সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বধূবেশে একটি ছবি প্রকাশ করেন।
বধূবেশে তার ছবি দেখার পর থেকে অনেকের মনে প্রশ্ন আসছে। কেউ কেউ ভাবছে নতুন জীবন শুরু করছেন দীঘি। কিন্তু বিষয়টি এমন নয়। একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য দীঘিকে বউ সাজতে হয়েছে। গতকাল (১৩ এপ্রিল) রাজধানীর বারিধারায় গৌতম সাহার কোরিওগ্রাফিতে দীঘি অংশ নিয়েছিলেন আহাম ফ্যাশন হাউজের একটি ব্রাইডাল ফটোশ্যুটে। সেখানে ধূসর-গোলাপি রঙের লেহেঙ্গায় যেন নতুন এক দীঘিকে দেখা গেছে। তার বধূবেশের ছবিগুলো তুলেছেন নাইমুল ইসলাম নামের এক ফটোগ্রাফার। মেকওভার করেছে হাবিব বিউটি লাউঞ্জ।
নায়িকা দীঘির জীবনে এটি ছিল প্রথম ব্রাইডাল ফটোশ্যুট। যার কারণে বেশ আনন্দিত দীঘি। তিনি বলেন, 'প্রথমবার ব্রাইডাল শুট করেছি। অনেক ভালো লেগেছে'। দীঘি জানান, সামনে ভালো ব্রান্ড আর সব কিছু ভালো হলে মডেলিং চালিয়ে যাবেন। দীঘি ছাড়াও এই ফটোশ্যুটে অংশ নেন অপু বিশ্বাস, রেবেকা রউফ, বারিশা হক সহ আরও কয়েকজন।
দীঘির প্রথম ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নেয়ার ব্যাপারে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, 'দীঘির মা চিত্রনায়িকা দোয়েল আমার কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন। এবার ভাগ্নি দীঘি করলো। কাজটি খুবই সুন্দর হয়েছে। ফটোশুটের ছবি দেখে তো বুঝতে পারছেন। ওর মা (দোয়েল) বেঁচে থাকলে অনেক খুশি হতেন'।
প্রসঙ্গত, চিত্রনায়িকা হিসেবে এ বছর দীঘি অভিনীত দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। তবে ঢালিউডে তার অভিষেক হয়েছিল শিশুশিল্পী হিসেবে। অভিনয় শিল্পী সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি আলোচনার প্রাদপ্রদীপে উঠে আসেন। বিজ্ঞাপনে তার মুখে ‘বাবা জানো, আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে ডেকেছে’ সংলাপটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। বর্তমানে সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। নিজের দিক থেকে শতভাগ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্চেন তিনি।