চির নিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক ওয়াসিম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ০৪:১৬ পিএম

চির নিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক ওয়াসিম

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের অভিনেতা ওয়াসিম বিদায় নিলেন। রাজধানীর বনানীর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন এই অভিনেতা। গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা এবং বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই সমাহিত করা হয়েছে তাকে।

আজ রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে দাফন সম্পন্ন হয়েছে এই অভিনেতার। পরিবারের পক্ষ থেকে এসময় কথা বলেন ওয়াসিমের ছেলে। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসায় বাবা ওয়াসিম হয়েছেন। তিনি যেখানেই গেছেন, অসম্ভব সম্মান পেয়েছেন। এ সম্মানের জন্য আজ আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ।’ এরই মধ্য দিয়ে ঢালিউডের কালজয়ী অভিনেতার অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ঢালিউড অঙ্গনের জন্য তিনি ছিলেন অভিভাবক স্বরুপ। এই অভিভাবককে হারিয়ে শোকাহত ঢালিউড অঙ্গন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন নায়ক ওয়াসিম। গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন চিত্রনায়ক ওয়াসিম। কিডনী রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অতঃপর শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিত্রনায়ক ওয়াসিম মৃত্যুবরণ করেন

ঢালিউড চলচ্চিত্রে অন্যতম নক্ষত্র অভিনেতা ওয়াসিম। সুদর্শন এবং অভিনয়ের জন্য কোটি নারীর স্বপ্নের পুরুষ হয়েছিলেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিম। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম। মোহসিন পরিচালিত রাতের পর দিনসিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওয়াসিমের। প্রথম ছবিটিই ব্যবসাসফল হয়। এরপর আর পিছু তাকাতে হয়নি ওয়াসিমকে। টানা ৬০টিরও বেশি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা বাংলাদেশ তো বটেও, সারাবিশ্বেই এক বিরল ঘটনা

Link copied!