চোখের জটিলতায় মাউন্ট এলিজাবেথে যাচ্ছেন সোহেল রানা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ০৪:৪৪ পিএম

চোখের জটিলতায় মাউন্ট এলিজাবেথে যাচ্ছেন সোহেল রানা

চোখের সমস্যা নিয়ে গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে সার্জারি হয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহেল রানার। অপারেশন সাকসেসফুল না হওয়ায় জটিলতা বেড়ে গেল দ্বিগুণ। চোখের সমস্যা নিয়ে ঢাকা থেকে এই কিংবদন্তিকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

গুরুতর অসুস্থ হয়ে চলতি বছরের জানুয়ারিতে টানা ১৫ দিন হাসপাতালে ছিলেন সোহেল রানা। তখন করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। গত ৮ মাস সুস্থ কাটিয়ে এখন আবার চোখের জটিলতায় পড়লেন এই নায়ক-প্রযোজক।

মাউন্ট এলিজাবেথে নেয়ার খবরটি নিশ্চিত করে মাসুদ পারভেজ সোহেল রানার ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ জানান, ‘ঢাকায় যে অপারেশনটা হলো, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। রবিবার (৩০ অক্টোবর) আমরা যাচ্ছি। বাবার সঙ্গে আমি ও মা (জিনাত বেগম) থাকছি। সবার কাছে দোয়া চাইছি।’

মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও সোহেল রানার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়েছে। যদিও তাতে বেড়েছে জটিলতা।

মাসুদ পারভেজ সোহেল রানা ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Link copied!