বর্তমানে ঢালিউডের জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ এবং পূজা চেরি। নতুন করে জুটি বেঁধেছেন ‘শান’ সিনেমায়। এর আগেও একসাথে জুটি বেঁধে কাজ করেছেন ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ সিনেমায়। সিনেমা দুইটি যেমন জনপ্রিয়তা পেয়েছিল ঠিক তেমনি ব্যবসা সফলও হয়েছিল। অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এবার নতুন ধারার সিনেমায় দেখা যাবে এই জুটিকে।
দর্শকদের খুশি করার জন্য অভিনয়শিল্পীদের অনেক কিছুই করতে হয়। এটি কারো কাছে অজানা নয়। মাঝে মাঝে শ্যুটিংয়ের জন্য জীবনের ঝুঁকিও নিতে হয়। অনেক সময় স্টান্টম্যান এর মাধ্যমে শট সম্পন্ন করা গেলেও এতে রাজি নয় সিয়াম-পূজা জুটি। তাই দর্শকদের চমক দেয়ার জন্য নিয়েছে জীবনের ঝুঁকি।
এম রাহিমের পরিচালিত সিনেমা ‘শান’-র শ্যুটিং একটি গানের মধ্য দিয়েই শেষ করেছেন তারা। সম্প্রতি জাহাজের সিঁড়ি বেয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট উচুতে দাড়িয়ে গানের শ্যুটিং করেছে তারা। সিঁড়ি বেয়ে একা একাই উপরে উঠেছে সিয়াম এবং পূজা। এই বিষয়ে পরিচালক এম রাহিম বলেন, ‘চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনে আসা জাহাজে চিত্রধারণের আয়োজন করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছিলাম। হঠাৎ সিয়াম-পূজার মাথায় ভূত চাপে। তারা ২০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে শট দেবেন। কিন্তু আমি, প্রযোজক ও কোরিওগ্রাফার কেউই এ সিদ্ধান্তে সমর্থন করিনি।’

তিনি আরও বলেন, ‘দৃশ্যটি ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। সামান্য একটি ভুলের কারণে বড় ধরনের বিপদ হতে পারত। কিন্তু সিয়াম-পূজা আমাদের কারও কথাই শোনেননি। তারা ঠিকই সিঁড়ি বেয়ে উঠে যান জাহাজের সর্বোচ্চ চূড়ায়।’
যে গানের জন্য এত বড় ঝুঁকি নিয়েছেন সিয়াম পূজা, সেই গানের নাম, ‘তোর মতো আমাকে মানিয়ে নেব।’ গানটি লিখেছেন এ মিজান। আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। সিনেমার গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।
সিনেমায় সিয়াম আহমেদ এবং পূজা চেরি ছাড়াও আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস সহ প্রমুখ। আগামী ৩ এপ্রিল মুক্তি পাবে সিনেমার টিজার। জানা গেছে, সিনেমাটি আসছে ঈদেই মুক্তি পাবে।