শোবিজ অঙ্গনে জনপ্রিয় তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তবে তাদের সেই সম্পর্ক আর নেই। তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদ হয়েছে প্রায় বছর হতে চললো। এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন তিনি। জানা গেছে, এস আই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া।
টুটুলের দ্বিতীয় বিয়ের খবরটি জেনেছেন তার প্রথম স্ত্রী তানিয়া আহমেদও। এ বিষয়ে কথা বলছেন তিনি। তানিয়া বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি।’
দুজনের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা? কবে হয়েছে জানতে চাইলে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘সে তো অবুঝ না, গাধাও না, যে নিয়মের বাইরে গিয়ে এমন কিছু করবে। নিয়ম মেনেই সে বিয়ে করেছে।’
এই নায়িকার ভাষ্যমতে, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’
সম্পর্কের দূরত্ব নিয়ে তিনি বলেন, ‘এটা ঠিক আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল। সে মিউজিকের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো দূরত্ব হয়েছে।’
এক যুগের দাম্পত্য জীবনের বিচ্ছেদ উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘দুজন ভালো মানুষও একসঙ্গে থাকতে থাকতে একসময় আলাদা হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।’
সবশষে তানিয়া বলেন, ‘তার জন্য আমার শুভকামনা থাকলো। দোয়া থাকলো। সে ভালো থাকুক।’
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে হয় টুটুল-তানিয়ার। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না। কিন্তু সেই সুখের সংসার আর টিকলো না।