সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে অনেক বেশি অ্যাকটিভ দেখা যায় বলিউডের তারকাদের। নিজের মনের ভাব প্রকাশ ও ভক্তদের সঙ্গে কানেক্টেড থাকার জন্যে ট্যুইটারকে প্রাধান্য দেন অনেকেই। সেই ট্যুইটারকে ছাড়লেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহর। ‘সোশ্যাল মিডিয়া’ নেতিবাচক প্রভাব ফেলছে তাই জীবনে ইতিবাচকতার আগমন ঘটাতে করণ জোহর নিলেন এই পদক্ষেপ।
সোমবার সকালে ট্যুইটার ছাড়ার কথা ঘোষণা করেছিলেন করণ জোহর। শেষ ট্যুইট করার কিছুক্ষণ পর থেকেই করণের প্রোফাইলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ ট্যুইটে করণ লেখেন, 'জীবনে ইতিবাচক শক্তি প্রবেশের জন্য জায়গা করে তুলতে চাই। এটা তারই একটা পদক্ষেপ। গুডবাই ট্যুইটার।'
করণের এই ট্যুইটের নিচে কমেন্টও করেন বহু নেটিজেনরা কেউ লেখেন, 'বিদায় করণ, ঝলক দিখলাজাতে দেখা হবে।' কেউ লেখেন, 'ভালোবাসা ও সমর্থন রইল, আরও ভালো ছবির জন্য অপেক্ষা করে রইলাম'।
হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন করণ, তা স্পষ্ট নয়। টুইটারে এক কোটি ৭০ লাখের বেশি মানুষ ফলো করেন করণকে। ট্যুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় তিনি। ট্যুইটারকে বিদায় জানালেও ইনস্টাগ্রাম ছাড়ার কোনো বার্তা দেননি পরিচালক।