ঢালিউড কাঁপানো নায়ক মান্নার জন্মদিন আজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ০৪:৩৯ পিএম

ঢালিউড কাঁপানো নায়ক মান্নার জন্মদিন আজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রয়াত অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্নার জন্মদিন আজ। ভক্তরা অনেকেই তাকে মহানায়ক বলেও ডাকেন। প্রায় দুই যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়িয়েছে এই অভিনেতা।

১৯৬৪ সালের এই দিনে টাঙ্গাইল জেলার কালিহাতীতে জন্ম নেন তিনি। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে মান্নার। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলী’। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছিলেন মান্না।

১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন তিনি। সেটি ব্যবসাসফল হওয়ায় মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রয়াত এই অভিনেতার জন্মদিন উপলক্ষে ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে আজ। নায়ক মান্নার জন্মদিনে দুপুরে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়। গানটি গেয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর। গনটি লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ। গানটি উন্মুক্ত করার জন্য নায়ক মান্নার নিজ হাতে গড়া কুতাঞ্জলির অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Link copied!