তারেক মাসুদ ও মিশুক মুনীরকে হারানোর ১১ বছর আজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০৩:৩৫ পিএম

তারেক মাসুদ ও মিশুক মুনীরকে হারানোর ১১ বছর আজ

'মাটির ময়না ' চলচ্চিত্র দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এক নামে পরিচিতি পান নির্মাতা তারেক মাসুদ। এরপর একে একে দর্শককে উপহার দেন আদম সুরত, মুক্তির গান, অন্তর্যাত্রা, রানওয়েসহ বেশ কয়েকটি ভিন্ন ধারার ছবি, যা শুধু নিজ দেশেই নয়, প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। আজ সেই নির্মাতাকে হারানোর ১১ বছর ।

২০১১ সালের এই দিনে মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সেই সাথে বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার পথিকৃত মিশুক মুনীরসহ ৫ জন নিহত হয়। জেলার শিবালয় উপজেলার শালজানা গ্রামে 'কাগজের ফুল' সিনেমার শুটিং স্পট থেকে ঢাকা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত হন তার স্ত্রী ক্যাথরিন মাসুদসহ চারজন।

একজন গুণী পরিচালক হিসেবে তার খ্যাতি ছিলো অনেক। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার ও চ্যানেল আই চলচ্চিত্র পুরস্কার ইত্যাদি।

এ ছাড়াও তিনি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন ফিল্ম সাউথ এশিয়া, কান চলচ্চিত্র উৎসব, মারাকেচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, থ্রি কন্টিনেন্ট উৎসব, ভারতীয় আন্তর্জাতিক ভিডিও উৎসব, কারা চলচ্চিত্র উৎসব, ডিরেক্টরস গিল্ড অব গ্রেট ব্রিটেন, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব বাংলাদেশ অনুষ্ঠানগুলোতে।

প্রয়াণের এক দশক কেটে গেছে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তার মতো ভিন্ন ধারার বস্তুনিষ্ঠ গল্পের রূপকার আর কেউ হতে পারেনি আজও। তাই চলচিত্রাঙ্গনে এমন চলচ্চিত্র নির্মাতার শূন্যতা সত্যি অপূরণীয়।

Link copied!