মুক্তির আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রায়হান রাফীর ছবি ‘পরাণ’। এর গান ও ট্রেলার দেখে দর্শকদের অনুমান ছিল, ঈদে পরাণ বাজীমাৎ করবে! মুক্তির পর তাই হচ্ছে। দর্শক মেতেছে ‘পরাণ’-এ। এবার প্রবাসী দর্শকদের প্রত্যাশা পূরণ করতে শিগগিরই পরাণ অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে।
প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘সুস্থ ধারার বিনোদন দিতে গত ১২ বছর ধরে লাইভ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সাথে সিনেমা হলগুলোতে চলছে। মুক্তির পর থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শকরা আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা।'
ভালো কাজ উপহার দিতে আমরা সবসময় দায়বদ্ধ। সিনেমার সুদিন ফিরিয়ে আনার টার্নিং হিসেবে পরাণ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে৷’
তিনি আরও বলেন, ‘শুধু দেশে নয়, এবার প্রবাসী দর্শকদের প্রত্যাশা পূরণ করতে শিগগিরই পরাণ অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে।’
মুক্তির পর দিন থেকে সিনেমাটি হলগুলোতে দর্শক টানছে। সাফল্যের ধারাবাহিকতায় ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে চলছে ‘পরাণ’।