দশকের পর দশক সুরের মূর্ছনায় শ্রোতাদের মন ছুঁয়েছেন যিনি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:১৪ পিএম

দশকের পর দশক সুরের মূর্ছনায় শ্রোতাদের মন ছুঁয়েছেন যিনি

যুগ যুগ ধরে যার সুরে মাতোয়ারা গোটা বিশ্বের সংগীতপ্রেমীরা, যার সুরের মূর্ছনায় এখনো শ্রোতাদের হৃদয়ে ঝড় তোলে, সেই সংগীতশিল্পী আশা ভোঁশলের জন্মদিন আজ। ৮৮ বছরে পা রাখলেন তিনি।

উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী ১৯৩৩ সালের আজকের দিনে মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের সঙ্গে চলে আসেন পুনে থেকে কোলহাপুরে এবং পরবর্তী সময়ে মুম্বাইয়ে। ১৯৪৩ সালে দিদি লতা মঙ্গেশকরের হাত ধরে গানের ভুবনে প্রবেশ করেন তিনি। জীবনে প্রথমবার সিনেমায় গান করেন আশা ভোঁশলে। মারাঠি সিনেমার গান দিয়ে পথ চলা শুরু হলেও সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় হিন্দি সিনেমার নেপথ্যে করা গানগুলো। ১৯৪৮ সালে হংশরাজ বেহলের ‘চুনারিয়া’ দিয়ে শুরু হলেও ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘রাত কি রানি’তে হিন্দি সিনেমায় আশার প্রথম একক গান শোনা গিয়েছিল । ১৯৫০ সাল থেকে হিন্দি সিনেমার জগতে এভাবেই ধীরে ধীরে লেখা হতে থাকে তার সাফল্যের নানা গল্প। 

 প্রায় ছয় দশক ধরে গান করছেন কিংবদন্তি এ শিল্পী। মারাঠি, হিন্দি, বাংলাসহ ভারতের বিভিন্ন ভাষায় গান করেছেন তিনি। গেয়েছেন সংগীতের বিভিন্ন ধারায়। সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ডে তার নামও রয়েছে। পেয়েছেন দাদাসাহেব ফালকে, পদ্মবিভূষণসহ নানা পুরস্কার। 

৮৮ বছর বয়সে আশা এখনো গান দিয়ে শ্রোতাদের অন্তরে তুলছেন সুরের ঝংকার। ‘যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ গান গেয়ে যেতে চাই’ একবার সংবাদমাধ্যমের কাছে এভাবেই  নিজের শেষ ইচ্ছার কথা ব্যক্ত করে কিংবদন্তী এই শিল্পী।

Link copied!