'দিন: দ্য ডে' ছবি ১০ লাখ টাকায়ও বানানো সম্ভব: নির্মাতা রিজু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৪:০৪ পিএম

'দিন: দ্য ডে' ছবি ১০ লাখ টাকায়ও বানানো সম্ভব: নির্মাতা রিজু

ঈদুল আজহায় মুক্তি পাওয়া অভিনেতা অনন্ত জলিলের বিগ বাজেটের চলচ্চিত্র 'দিন : দ্য ডে' দেখে বিরক্ত প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রিয়াজুল রিজু। ১০০ কোটি টাকা দিয়ে বানানো এই সিনেমা মাত্র ১০ লাখ টাকা দিয়ে ইন্ডাস্ট্রির জুনিয়র নির্মাতাও বানিয়ে দিতে পারবেন বলে মন্তব্য করেন ‘বাপজানের বায়োস্কোপ’ছবির এই পরিচালক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রিয়াজুল রিজু। ছবি: সংগৃহীত

ঈদের দিন ছবিটি দেখে রিজু নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লিখেছেন, 'দিন দ্য ডে―দিনটা নষ্ট , শতকোটি টাকার আওয়াজে হলে গিয়ে কিছুই না হওয়া একটি ফালতু চলচ্চিত্র দেখে টাকাটা যে ফেরত চাইব সেই অপশন ছিলে না, কারণ টাকাটা গেট কিপার মেরে দিছে টিকিট দেয়নি।

 

প্রতিক্রিয়া ব্যক্ত করে নির্মাতা বলেন, 'সিনেমা হল নামক ওভেন থেকে বাসায় এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রির একদম জুনিয়র নাটকের নির্মাতাকে ১০ লাখ টাকা দিলেও এর চাইতে সুন্দর প্রডাকশন বানাতে পারবে। মিশা ভাইয়ের মতো ভালো অভিনয়শিল্পীকে পোস্টারসহ কোনো জায়গায়ই সঠিকভাবে ব্যবহার করা হয়নি, বিষয়টির জন্য ক্ষমা চাওয়া উচিত। 

রিজু বলেন, 'আমার জন্ম কাঁচপুর ব্রিজের এখানকার কোয়ার্টারে। আব্বা সে সময় আদমজী জুট মিলের ম্যানেজার ছিলেন এবং জীবনের প্রথম দেখা সিনেমা হল ছিল চাঁদ মহল। যদিও অনেক ছোট ছিলাম। ছোট চাচা ডা. রুহুল আমীন ছিলেন আমার সিনেমা হলে যাওয়ার হাতেখড়ি। '

সিনেমা হলের পরিবেশ নিয়েও সমালোচনা করেন রিজু। দর্শকদের ঠকানো হচ্ছে উল্লেখ করে সামাজিক যোগাযো্গ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “খুবই অবাক হয়েছি, ৩০ বছরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি হলের। কোথায় চলে গেছে বিশ্ব টেকনোলজি। মানুষ এই রকম গরম সহ্য করে যে এসব হলে এখনো ঢোকে এটাই অনেক বেশি। হল এবং চলচ্চিত্রের উন্নয়ন দুটোই প্রয়োজন। দর্শককে আমরা কষ্টও দিচ্ছি এবং ঠকাচ্ছি দিনের পর দিন।”

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত রিয়াজুল রিজু প্রযোজিত ও পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ ছবি ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’সহ ৯টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। রিজু ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’হিসেবে পুরস্কার পান।

Link copied!