ঢালিউডের জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন। সেই দীঘির চিত্রনায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে আগামী ১২ মার্চ। একসঙ্গে দুই ছবি দিয়ে অভিষেক হবে তার। ছবি দুটি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’-এর প্রযোজক শাপলা মিডিয়া। ছবিটির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা হয়ে উঠা নিয়ে ছবির কাহিনি। এতে বঙ্গমাতা রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

অন্যদিকে ‘তুমি আছো তুমি নেই’ পরিচালনা করেছেন বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এটি সম্পূর্ণ রোমান্টিক একটি গল্প।

সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিক ‘বঙ্গবন্ধু’ ছবিতে কাজ করছেন তিনি। একই দিনে দুই ছবি মুক্তির বিষয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘খুব টেনশনে আছি। জানি না দর্শক কীভাবে গ্রহণ করবেন আমাকে। তবে প্রত্যাশা করছি ভালো কিছুর। কারণ, দুটি ছবি দুই ঘরানার। একটি ইতিহাস সমৃদ্ধ অন্যটি নিখাদ প্রেমের। ফলে সব ধরণের দর্শকই আমরা পাবো আশা করছি।’

একসাথে দুই ছবি দিয়ে অভিষেকের বিষয়টি মিলে গেছে চিত্রনায়িকা বুবলির সাথে। আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীরও জোড়া ছবি সিনেমায় অভিষেক হয়েছিল। ২০১৬ সালে পবিত্র ঈদুল আজহায় শাকিব খানের বিপরীতে ‘শুটার’ ও ‘বসগিরি’ সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। এ বিষয় মনে করিয়ে দিলে দীঘি জানান, ‘অনেক বড় বড় নায়িকাদেরও এমন ভাগ্য হয় না। আমার ক্ষেত্রে এমনটা হচ্ছে, নিজেকে লাকি মনে হচ্ছে।’