বাংলাদেশে অতি পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শ্যুটিং করতে গিয়ে করোনার কারণে মুম্বাইতে আটকে গিয়েছিলেন দীঘি। কিন্তু অবশেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন দীঘি। দুপুর ২ টা ১০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।
শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে দীঘির। বাংলাদেশের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমা ‘বঙ্গবন্ধু’-র অংশ হয়েছেন। ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শ্যুটিং চলছে মুম্বাইতে। সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার মুজিবের চরিত্রে অভিনয় করছেন দীঘি। সিনেমার দ্বিতীয় লটের শ্যুটিংয়ের জন্য ২৫ মার্চ মুম্বাই গিয়েছিলেন তিনি। তবে শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেও লকডাউনের জন্য দেশে ফিরতে পারছিলেন না তিনি। অবশেষে আজ দুপুরে দেশে ফিরেছেন তিনি।
দেশে ফেরার প্রসঙ্গে দীঘি বলেন, ‘অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। খুব ভালো লাগছে এখন। স্বস্তি অনুভব করছি। তবে মুম্বই থেকে চলে আসার সময় খারাপও লাগছিল। কারণ এতোদিন একটা টিমের কাজ সঙ্গে করেছি। তাদের মায়ায় পড়ে গিয়েছিলাম। সবাইকে মিস করছি অনেক।’
উল্লেখ্য, চলতি মাসেই মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এর আগে গত মার্চ মাসে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’। এছাড়াও তিনি নির্মাতা সুমন ধরের ‘চিঠি’-র শ্যুটিং শেষ করেছেন।