‘প্রিয়জন’ ছবির দর্শকপ্রিয় অভিনেত্রী আঞ্জুমান আরা শিল্পী। দর্শকেরা তাঁকে সালমান শাহর নায়িকা বলেই ডাকেন। পাঁচ বছরের অভিনয় জগতে ৩৫টি ছবিতে কাজ করেছেন। সফল হয়েছেন বেশ কয়েকটি ছবিতে। কিন্তু ২০ বছর হয়ে যাচ্ছে অভিনয় জগত ছেড়েছেন তিনি। কেন কাজ ছেড়েছেন তা নিয়ে দ্য রিপোর্টের সাথে কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনে যখন স্বর্নযুগ ছিলো তখন আমারা কাজ করে গেছি। আমাদের পরে যারা কাজ করেছে তারাও ভালো কাজ করেছে কিন্তু সেই স্বর্ণযুগ কিন্তু ফেরাতে পারেনি। আমি যখন ফিল্ম ছেড়ে চলে যাই তখন অশ্লীলতায় ভরপুর ছিলো চলচ্চিত্র জগৎ।
তিনি বলেন, সিনগুলো নিয়ে আমার সাথে বিবাদ সৃষ্টি হতো। আমার মনে হয়েছে আমি চলচ্চিত্রে টিকতে পারবো না। তাই আমি আমার সম্মানের জায়গা থেকে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াই। অশ্লীলতা আসার পর গল্পের মান কমে গেছে। তখন গল্পের দিকে কেউ তাকায় নি। তাই আজ চলচ্চিত্রের নড়বড়ে অবস্থা।
এই অবস্থার কারণ হিসেবে তিনি বলেন, আমাদের সময়ে পরিচালক, প্রযোজকের পরিচয় ছিলো। এখন চলচ্চিত্রে কারওয়ান বাজারের আলু পটল ব্যবসায়ীও প্রযোজক হয়েছে। তাদের রুচি আমরা যে অবস্থানে কাজ করেছি সে পর্যন্ত পৌঁছাতে পারেনি৷ যার জন্য চলচ্চিত্র দিন দিন নিচের দিকে যাচ্ছে। তাছাড়া আমরা যখন কাজ করেছি ৭০০ সিনেমা হল ছিলো এখন আছে ৭০ টি। এর কারণ চলচ্চিত্রে ভালো গল্প নেই। আমাদের সময়ে একটি ছবি ১০ সপ্তাহ, ১৫ সপ্তাহ চলতো। এখন কিন্তু সেটি নেই। দুয়েকটি ছবি হিট করলেও আগের অবস্থায় নেই।
শুধু অভিনেত্রী শিল্পী নয় ঢালিউডে অনেক তারকাখ্যাতি নায়িকা অভেষেকেই বাজিমাত করে এখন হারিয়ে গেছেন। অনেকদিন থেকেই ইন্ডাস্ট্রিতে নেই তারা। এই হারিয়ে যাওয়া নায়িকাদের সংখ্যাও কম নয়। হারিয়ে যাওয়া নায়িকাদের তালিকায়
ব্যক্তিগত কারণেই অভিনয় ছেড়েছেন নায়িকা মুক্তি
১৯৯২ সালের সুপারহিট ছবি ‘চাঁদের আলো’। এ ছবির গান ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’এখনো দেশজুড়ে বেশ জনপ্রিয়। এ ছবিতে অভিষেক হয়েছিল চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তির। ছবিটি ব্যাপক সাফল্য পায়। সাফল্যের পর ওমর সানী ব্যস্ত তারকা হয়ে গেলেও মুক্তি সিনেমায় ব্যস্ত হননি। প্রথম ছবি সুপারহিট হওয়ার পরও আট বছর তাকে অভিনয়ে দেখা যায়নি। পরবর্তীতে ২০০০ সালে হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে শাহানা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। কিন্তু এরপর ‘হাসন রাজা’, ‘অবুঝ বউ’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর বড় পর্দার বাইরে চলে যান মুক্তি। মাঝে মাঝে ছোট পর্দার নাটকে অভিনয় করেছেন। তবে নাটকও ছেড়েছেন চার-পাঁচ বছর হয়ে গেছে। ব্যক্তিগত অসুবিধার কারণেই অভিনয় ছেড়েছেন বলে জানান এই অভিনেত্রী।
সংসার টিকাতে সিনেজগত ছাড়েন অভিনেত্রী রথি
১৯৯৩ সালে মুক্তি পায় ‘অবুঝ দুটি মন’। সেই ছবির সবচেয়ে আলোচিত জুটি আমিন খান ও চাঁদনী। ফটোসুন্দরী প্রতিযোগিতার রথি থেকে চাঁদনী হয়ে সিনেমায় নেমেছিলেন এই সুন্দরী। সে সময় এই নায়িকা ঢালিউডে আলোচনার ঝড় তুললেও তাকে আর সিনেমায় দেখা যায়নি। ২৭ বছর আগে সিনেমায় অভিনয় ছাড়লেও পরবর্তী সময়ে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। নয় বছর ধরে সেখানেও নেই। সিনেমায় না থাকার কারণ হিসেবে জানা যায়, স্বামী জেমস কোনোভাবেই চাইত না চাঁদনী সিনেমায় অভিনয় করুক। সংসার টিকাতেই অভিনয় ছাড়েন তিনি। কিন্তু ২০০৩ সালে সংসারটাও ভেঙে যায়। এরপর আর সিনেমার আলোয় আসেননি তিনি।
সফলতার পরও অভিনয় ছাড়ার রহস্য নিয়ে মুখ খুলেননি নায়িকা আয়না
১৯৯৭ সালে ‘হৃদয়ের আয়না’ নামের ছবি উপহার দেন চিত্রনায়িকা আয়না। সুপার-ডুপার হিট রোমান্টিক এ ছবিতে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে আয়নার নায়িকা হিসেবে অভিষেক ঘটেছিল। সেই সময় এই ছবির সকল গান সবার মুখে মুখে ছিল। অনেক বছর অভিনয় থেকে দূরে থেকে ২০০১ সালে আমিন খানের সাথে ‘সুজন বন্ধু’ ছবিতে-তে অভিনয় করেন। এরপর ২০০৩ সালে ‘অন্তরে ঝড়’ ছবির মাধ্যমে ৬ বছর পর আবারও দর্শকেরা রিয়াজ-আয়না জুটি-কে দেখতে পায়। কিন্তু এসব ছবি সফল হওয়ার পরও হারিয়ে যান আয়না। কেন অভিনয় জগত থেকে দূরে এসব নিয়ে কখনোই মুখ খুলেননি এই অভিনেত্রী।
নায়িকা তামান্না সুইডেনে পাড়ি জমিয়ে নীরবেই ছাড়েন চলচ্চিত্র অঙ্গন
চিত্রনায়িকা তামান্না ১৯৯৮ সালের বাম্পারহিট ছবি ‘ভণ্ড’ দিয়ে অভিষেক হয় রূপালী পর্দায়। শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় এ ছবিতে চিত্রনায়ক রুবেলের বিপরীতে অভিনয় করেন তামান্না। প্রথম ছবি দিয়ে প্রথম সারিতে চলে এসেছিলেন সুইডেন প্রবাসী এ নায়িকা। তার অভিনীত শেষ ছবি ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য রে’। ক্যারিয়ার ফেলে তামান্না বর্তমানে সুইডেনে বসবাস করছেন। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন এই অভিনেত্রী। স্বামী নিয়ে স্থায়ীভাবে সেখানেই বসবাস করছেন। পারিবারিক কাজে নিজেকে ব্যস্ত রেখেই জীবনের সাথে আপস করে সুইডেনে পাড়ি জমিয়ে চলচ্চিত্র অঙ্গন থেকে অনেকটাই নীরবে সরে যান।
ষড়যন্ত্রের স্বীকার হয়ে অভিনয় জগত থেকে গুটিয়ে যান নায়িকা একা
নব্বই দশকের ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ছিলেন চিত্রনায়িকা একা। কাজী হায়াতের ‘তেজী’ ছবিতে অভিনয় করেন প্রথম ছবিতে সুপার স্টার মান্নার বিপরীতে নায়িকা হন তিনি। মান্নার পর রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান এবং শাকিব খান, কাজী মারুফের বিপরীতেও অভিনয় করেন একা। তাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অনেকগুলো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। ২০১২ সালে ‘পাগলা হাওয়া’ সিনেমায় সবশেষ দেখা যায় এ নায়িকাকে। এরপর রূপালী পর্দা থেকে হারিয়ে যান একা। হঠাৎ আড়ালে চলে যাওয়া প্রসঙ্গে ২০১৯ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী একা জানিয়েছিলেন, ষড়যন্ত্রের কারণে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আলোচনায় আসেন একা। অনেকের ধারণা মাদক কেড়ে নিয়েছে এ অভিনেত্রী স্বাভাবিক জীবন।
চলচ্চিত্রে প্রথম দিকে দ্যুতি ছড়ালেও ধরে রাখতে পারেননি রত্না কবির
‘কেন ভালোবাসলাম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় নাম লেখান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রত্না কবির সুইটি। স্কুলে পড়াকালীন চলচ্চিত্রে আসেন তিনি। তবে চলচ্চিত্রাঙ্গনে রত্না নামে পরিচিত। প্রথম সিনেমার পর কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আরও জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কিন্তু প্রথম দিকে দ্যুতি ছড়িয়েও দীর্ঘ ক্যারিয়ারে সফলতা ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। বর্তমানে চলচ্চিত্র থেকে অনেকটা দূরে। তবে চলচ্চিত্রের বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা যায়। বাংলাদেশ ফিল্ম ক্লাব এর নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে চতুর্থবারের মতো সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী। ২০১৮ সালে তার অভিনীত সর্বশেষ ‘টাইম মেশিন’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় রয়েছে পাঁচের অধিক চলচ্চিত্র।
প্রবাসবাসী হয়ে চলচ্চিত্রে স্থায়ী হননি অভিনেত্রী ইরিন জামান
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৯ সালে শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী ইরিন জামান। এরপর তিনি আটটি ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন। এ ছাড়া অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে। বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন এবং অভিনয় জগৎ থেকে অনেক আগেই বিদায় নিয়েছিলেন ইরিন জামান। প্রবাসবাসী হওয়ার কারণেই চলচ্চিত্রে স্থায়ী হননি এই অভিনেত্রী।