নতুন ছবিতে আবারও চমক পরীমনির

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ০৫:৪২ পিএম

নতুন ছবিতে আবারও চমক পরীমনির

আলোচনার শীর্ষে চলচ্চিত্র নায়িকা পরীমনি। জীবনযাপনে তিনি ব্যতিক্রমী। আপন মেজাজে চলেন। মা হওয়ার পরে তাঁর চেহারায় যে পরিবর্তন হয়েছে তা ঢাকা পোশাক পরে প্রকাশ করেছিলেন তিনি। আর তাতেই সর্বত্র আলোড়ন। সবুজ গাউনের আড়ালে ছিল মাতৃত্বের চিহ্ন। একদিন পরেই নতুন চমক। নতুন ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।

ছবিতে পরীমনির 'বেবি বাম্প' উন্মুক্ত, সমুদ্রের সামনে পরম ভালবাসায় তাঁকে জড়িয়ে ধরে আছেন স্বামী অভিনেতা শরিফুল রাজ। মা দিবসে ছবিটি প্রকাশ করে পরীমনি লিখেছেন 'সেকেন্ড ট্রিমেস্টার'। ইতিমধ্যেই দেড় লক্ষের বেশি ভক্ত ছবিটি পছন্দ করেছেন।

উল্লেখ্য, ঈদের ছুটি কাটাতে পরীমনি, রাজ এবং পরীমনির দাদু কক্সবাজারে এসেছেন। রাজের সঙ্গে বিয়ের পর এই প্রথম বেড়াতে আসা। একের পর এক ভালবাসার ছবি প্রকাশ করেছেন পরীমনি। রাজও। তবে সব ছাপিয়ে গিয়েছে সাহসী পরীমনির 'বেবি বাম্প'-এর ছবি।

শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। পরীমনি অভিনীত নির্মীয়মাণ ছবি 'প্রীতিলতা'র পরিচালক রাশিদ পলাশ মন্তব্য করেছেন, "কী দারুণ দৃশ্য!" নায়িকার ঘনিষ্ঠজন এবং পোশাক-পরিকল্পক জুনায়েদ জিমি মন্তব্য করেছেন, "পৃথিবীতে এটা খুবই সুন্দর একটা মুহূর্ত।"

পরীমনির মা হওয়ার দিন সামনেই। সাবধানেই আছেন তিনি। যত্নশীল রাজ আগলে রেখেছেন তাঁকে। তবু এই ইদ অবকাশে পরীমনির ঝুলিতে আর কী কী আছে, কেউ জানেন না। তাঁকে যে অনুমান করা অসম্ভব!

Link copied!