আগস্ট ২৬, ২০২২, ০৭:০৯ পিএম
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। ব্যতিক্রমী কাজ, ব্যতিক্রমী চরিত্রে চ্যালেঞ্জ নেওয়া এই তারকার অভ্যাসে পরিণত হয়েছে। এবার তিনি সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ করছেন। সিনেমা 'চুপ'-এ সঙ্গীত সুরকার হিসেবে নিজের নাম লেখাতে যাচ্ছেন।
আর বাল্কি পরিচালিত 'চুপ' সিনেমাটি আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। সিনেমাটি একটি রোমান্টিক সাইকোপ্যাথ থ্রিলার। বৃহস্পতিবার একটি পোষ্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেন পরিচালক।
সেখানে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানান, 'চুপ' একাধিক কারণে বিশেষ। সবচেয়ে বড় কারণ হল সঙ্গীত কম্পোজার হিসেবে অমিতাভ বচ্চন অফিসিয়াল আত্মপ্রকাশ করছেন এখানে। ছবিটি দেখার পর খুব সহজাত ভাবে নিজের পিয়ানোয় সুর তোলেন তিনি। এ সুর অমিতাভের অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য তাঁর এই বিশেষ উপহার আমি ভুলবো না।
অমিতাভ ও বাল্কির বন্ধুত্ব দীর্ঘদিনের। পরিচালক প্রায় সব ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। বাল্কির ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’ ছবিতে চমক দিয়েছিলেন অমিতাভ। সেই ট্রেন্ড বজায় রেখেই এবার বাল্কির নতুন ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে তিনি।
বাল্কির নতুন এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা যাবে সানি দেওল , দুলকির সলমান , শ্রেয়া ধন্বন্তরী ও পূজা ভাটসহ আরও অনেককে ।