নভেম্বরে মুক্তি পাচ্ছে মিথিলার বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২১, ০২:৫৬ পিএম

নভেম্বরে মুক্তি পাচ্ছে মিথিলার বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’

সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ বিজয়ী তানজিয়া জামান মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপেল টিভিতে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

হায়দার খান পরিচালিত ও থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। হায়দার খান ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউড সিনেমা জগতে পরিচালক হিসেবে নাম লেখালেন। এর আগে তিনি ‘কমান্ডো’ এবং ‘দঙ্গল’ এর মতো বলিউড সিনেমায় কাজ করেছেন।

‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে হুসনে আরা নামে এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তিনি জানান, গত ২৩ আগস্ট সিনেমাটি ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

মুক্তির মিছিলে থাকা এই ছবিটি নিয়ে অনেক আশাবাদী অভিনেত্রী মিথিলা।  ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী এই অভিনেত্রী বলেন, ‘অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আগামী ১৫ই নভেম্বর আমার প্রথম বলিউডের সিনেমা ‘রোহিঙ্গা’ বিশ্বব্যাপী মুক্তি পাবে। সত্যি আমি ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত। এখন দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখতে চাই।’

মিথিলা আরও বলেন, ‘এটা ভাল লাগছে যে সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদি আমরা এটি বড় পর্দায় দেখতে পারতাম তবে আমি খুশি হতাম, কিন্তু কোভিড -১৯ মহামারীর কারণে পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি।’

২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর মিথিলা ডাক পেয়েছিলেন বলিউডে। এই সিনেমাতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ভুটোনের জনপ্রিয় অভিনেতা ও মিস্টার ভুটান ২০১৭-এর বিজয়ী স্যাঙ্গে শেলট্রিম। সালমান খানের ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক।

প্রসঙ্গত, চলতি বছরের গত ৩ এপ্রিল রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা। প্রথম রানারআপ নির্বাচিত হন ফারজানা ইয়াসমিন অনন্যা। আর  দ্বিতীয় রানারআপ হন ফারজানা আকতার এ্যানি।

ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তিনি বিজয়ী মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন। ওই গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্ব পালন করেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান ও তাহসান খান।

Link copied!