নিপুণের কাছে চুমু চেয়েছিলেন পীরজাদা হারুন!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২২, ০৫:৩৭ পিএম

নিপুণের কাছে চুমু চেয়েছিলেন পীরজাদা হারুন!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য শেষ হওয়া নির্বাচন ঘিরে বেশ উত্তাল অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন(বিএফডিসি)। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে প্রতিদ্বন্ধিতা করা চিত্রনায়িকা নিপুণ। তবে এই নির্বাচনে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। ভোটের সময় পীরজাদা হারুন তাকে চুমু খেতে বলেছিলেন বলেও অভিযোগ করেন নিপুণ। সাধারণ সম্পাদক পদে আবারও ভোটগ্রহনেরও দাবি জানান তিনি। 

রবিবার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অভিনেত্রী নিপুণ।  সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নিপুণ বলেন, “ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে তার দুই গালে দুটো চুমু (কিস) খেতে বলেছিলেন। ওর দুই গালে চড় লাগানো উচিত ছিল। যেটা আমি করিনি।”

তিনি আরও বলেন, “সে সময় আমাদের প্যানেলের দুই নারী সদস্য শাহনূর ও জেসমিন সেখানে উপস্থিত ছিল। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল।”

সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, “আমাদের কাছে নির্বাচনে জায়েদ খানের বিরুদ্ধে ভোটারদের অর্থ প্রদানসহ নানা অনিয়মের নথি রয়েছে। এগুলো আইন শৃঙ্খলাবাহিনীর কাছে দেয়া হয়েছে। সব দিক বিবেচনা করে আবারও নির্বাচন দিয়ে এই পদের স্বচ্ছতা নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “জায়েদ খান একাধিক সহকারী ও মেকাপম্যান নিয়ে গিয়েছেন। যেখানে চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের নেতারা প্রবেশ করতে পারেনি। এমন অনিয়ম করার সুযোগ তিনি কিভাবে পেলেন।”

প্রসঙ্গত, প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি। গতকাল শনিবার আপিল করলে সন্ধ্যায় বিএফডিসিতে পুনরায় ভোট গণনা করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।

এদিকে আপিল করেও ব্যর্থ হয়েছেন নিপুণ। আর তাই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন গত দুই মেয়াদের সফল সাধারণ সম্পাদক জায়েদ খান।

Link copied!