কে হবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক? এনিয়ে আজ রবিবারও এই পদে চূড়ান্ত ফলাফল জানা গেল না। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে আগামিকাল সোমবার এ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণ আক্তারের আবেদনের ওপর রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আগামিকাল সকাল ৯টার দিকে রায় দেওয়া হবে বলে জানান আপিল বিভাগ।
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে, জায়েদ খানের পক্ষে আইনী লড়াই চালিয়েছেন আ্যডভোকেট আহসানুল করিম।
এর আগে গত বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। নিপুণ আক্তারের আবেদনের শুনানি শেষে গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই আদেশ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে রবিবার(১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থিতিশীলতা দিয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়। এ সময় পর্যন্ত কেউ দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশ দেন আদালত।
নিপুণের আপিল শুনানি শেষে গত বুধবার বিকেল সোয়া ৩টায় আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।
এর আগে গত সোমবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নিপুণ আপিল করেন। এর শুনানি হয় বুধবার।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনের নিয়ম অনুযায়ি ওইদিনই ফলাফল ঘোষণা করার কথা থাকলেও নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ভোর ৫টার দিকে ওই ফলাফল ঘোষণা করেন।
তবে নির্বাচনে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে। পরে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।
আপিল বোর্ডের এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে জায়েদ খান আদালতের দ্বারস্থ হলে আদালত আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। পরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।