পরীমনির রিমান্ড: দুই বিচারকের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ০৪:৩২ পিএম

পরীমনির রিমান্ড: দুই বিচারকের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

রাজধানীর মাদক মামলায় গ্রেপ্তারের পর চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করার যৌক্তিকতা জানতে চেয়ে ১০ দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে এই মামলার সকল নথিসহ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকেও তলব করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

পরীমনিকে রিমান্ডে নেওয়ার বৈধতার প্রশ্নে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক আবেদনের ওপর শুনানিতে বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয়।

গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র‍্যাব। পরে র‌্যাব বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

গত ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১০ আগস্ট পরীমনিকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। তারও আগে ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Link copied!