সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী বলেছেন, পরীমনীর সাথে তার ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। তিনি আরও জানান, পরীর সাথে তার সম্পর্ক সম্পূর্ণটাই কাজের সুবাদে। তাদের মধ্যে শুধু কাজের ব্যাপারেই আলাপ হতো। এবং মাঝেমাঝে কাজের ব্যাপারে কথা বলার জন্যই তাদের মধ্যে যোগাযোগ হতো।
গত জুলাই মাসের ৮ তারিখ ফেসবুকে রাজধানীর বোটক্লাবে তার ওপর নির্যাতনের কথা জানিয়ে আলোচনায় আসে পরীমনি। এরপর পরীর আয়োজিত সংবাদ সম্মেলনে তার পাশে দেখা যায় চয়নিকাকে। এসময় পরী তাকে মা বলে সম্বোধন করেন।

বুধবার ৪ আগস্ট র্যাব পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও মাদক উদ্ধারের পর তাকে আটক করে। এসময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে যান পরীমনি।
এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করে পরীকে আটকের পর কেন তার পাশে চয়নিকাকে দেখা যাচ্ছেনা। সম্প্রতি পরী চয়নিকার আগামী ওয়েবফিল্ম ‘অন্তরালে’ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে চয়নিকা বলেন, ‘দেশের আইনপ্রয়োগকারী সংস্থার ওপর আমাদের শ্রদ্ধা রয়েছে। ঘটনাটা মাত্রই ঘটেছে। এই মুহূর্তে এ ব্যাপারে কোনও মন্তব্য করা ঠিক না। আমরা অপেক্ষা করছি। পরিস্থিতি কি হয় তা দেখার পর প্রযোজক সংস্থা আমরা পুরো টিম মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চয়নিকা পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’তে সহশিল্পী সিয়ামের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন পরীমনি। পরীর ক্যারিয়ারের ত্রিশোর্ধ্ব ছবির মধ্যে বিশ্বসুন্দরী দ্বিতীয় ব্যবসাসফল ছবি। এর আগে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত পরী অভিনীত স্বপ্নজাল ছবিটি ব্যাপক দর্শকনন্দিত হয়।
এছাড়া বাঙালি জাতিয়তাবাদী আন্দোলনের নেতা প্রীতিলতা ওয়াদ্দোরের আত্মজীবনীমূলক ছবি ‘প্রীতিলতা’তে নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরী। এই সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চরিত্রে অন্য অভিনেত্রী নেওয়ার আগে তারা পরীর জন্য অপেক্ষা করবেন।
বেঙ্গল মাল্টিমিডিয়া সম্প্রতি ‘বায়োপিক’ সিনেমায় সিয়ামের সঙ্গে অভিনয়ের জন্য পরীর সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্রযোজক ও পরিচালকেরা এই ঘটনার পর মারাত্মক সমস্যায় পড়েছেন। তারা জানান, পরীর এই ঘটনার পর কিছু পূর্বঘোষিত প্রজেক্ট মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বুধবার (৪ আগস্ট) পরীমনির বনানীর বাসায় র্যাবের অভিযানের পর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, পরীর বাসা থেকে ৩৩ বোতল বিভিন্ন ধরণের মদ, ১৫০ টিরও বেশি বিদেশি মদের ব্যবহৃত বোতল, ইয়াবা, এলএসডি ও আইস উদ্ধার কার হয়েছে। এরপরই পরীকে আটক করা হয়েছে।
আটকের পর বৃহস্পতিবার (৫ আগস্ট) র্যাব পরীরর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় রাজধানীর বনানী থানায় দুইটি মামলা করেছে। রাত সাড়ে আটটায় পরীকে জিজ্ঞাসাবাদের জনন্য রিমান্ড আবেদনের জন্য ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে হাজির করেন। র্যাবের আবেদনের ভিত্তিতে পরীকে ৪ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।