পরী মনির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ৫ জানুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ০২:১৫ পিএম

পরী মনির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ৫ জানুয়ারি

মাদক মামলায় পরী মনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জানুয়ারি। রবিবার (২ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরী মনি ছাড়া অপর দুই আসামি হলেন, আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে, গত ১৪ ডিসেম্বর ঢাকার ১০ নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। অসুস্থ হওয়ায় এদিন আদালতে উপস্থিত হননি পরীমনি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করায় ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছর ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় মামলা করা হয় পরীমনির বিরুদ্ধে। আসামি করা হয় মোট তিনজনকে। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এরপর মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।

Link copied!