দক্ষিণী সিনেমার ভিড়ে হারিয়ে যেতে বসেছিলো বলিউড উন্মাদনা। তবে সেই উন্মাদনা আবার ফিরিয়ে এনেছে বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখের সিনেমা ‘পাঠান’।
পাঠান মুক্তির আগে থেকেই তা নিয়ে দর্শক মহলে চলছিলো বেশ আলোচনা। মুক্তির পর সেই আলোচনার পারদ মাত্রা ছাড়িয়েছে। ‘পাঠান’ নিয়ে উন্মাদনা এতোই যে অনুমতির তোয়াক্কা না করেই পাকিস্তানের করাচিতে চলছিলো ‘পাঠান’-এর প্রদর্শনী।
তবে সেই প্রদর্শনী এবার বন্ধ করা হয়েছে। সিন্ধু বোর্ড অব ফিল্মস সেন্সর (এসবিএফসি) সিনেমাটির অবৈধ প্রদর্শনী বন্ধ করে দিয়েছে।
এই প্রদর্শনীর টিকিট অনলাইনে ৯০০ রুপিতে (পাকিস্তানি রুপি) বিক্রি করা হচ্ছিল। এগুলো ‘ফায়ারওয়ার্কস ইভেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান এই প্রাইভেট স্ক্রিনিংয়ের আয়োজন করেছিল।
এসবিএফসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের ছাড়পত্র না পেলে ব্যক্তিগত পরিসরে কোনো সিনেমার প্রদর্শনী বেআইনি। আর এই নিয়ম লঙ্ঘন করলে তিন বছরের কারাদণ্ড অথবা ১ লাখ রুপি (পাকিস্তানি রুপি) পর্যন্ত জরিমানা হতে পারে।
সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ‘পাঠান’ ১২ দিনে বিশ্বব্যাপী ৮৩২ কোটি রুপি সংগ্রহ করেছে। সিনেমাটি আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। এই স্পাই-থ্রিলারে একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।