পানামা পেপারস ফাঁসের মামলায় ভারতের অর্থনৈতিক আইনকানুন প্রয়োগ ও আর্থিক অপরাধ দমনসংক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গতকাল সোমবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
তবে এ বিষয়ে ঐশ্বরিয়া রাই কিংবা বচ্চন পরিবারের কোনো বক্তব্য আসেনি গণমাধ্যমে।
২০১৬ সালে ফাঁস হওয়া ‘পানামা পেপার্স’-এ অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনসহ ভারতের ভারতের রাজনীতিবিদ, খেলোয়াড়সহ ৩০০ জনের নাম আসে, যারা কর ফাঁকি দিয়ে বিদেশে বিনিয়োগ করেন বলে অভিযোগ ওঠে।
অফশোর কোম্পানির মাধ্যমে কর এড়াতে দেশের বাইরে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগের মুখে ২০১৭ সালে তাদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি।
এর মধ্যে দুইবার ঐশ্বরিয়ার বক্তব্য জানতে নোটিস পাঠানো হলেও সময় চেয়েছিলেন তিনি; তৃতীয় বারের নোটিসে হাজির হলেন ৪৮ বছর বয়সী এ তারকা।
পানামা পেপারস মামলায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়ে আছে। তাঁরা চলচ্চিত্র, রাজনৈতিক ও ক্রীড়াজগতের প্রভাবশালী ব্যক্তি।
৪০ বছরের পুরোনো নথিপত্র ফাঁস হয়েছিল বলে জানা গেছে। এর মাধ্যমে খোলাসা হয় যে সারা দুনিয়ার ধনী আর প্রভাবশালী ব্যক্তিরা আয়কর বাঁচানোর জন্য বিভিন্ন ভুয়া কোম্পানিতে টাকা ঢেলেছিলেন।