পুরোদমে চলছে ‘অন্তরাত্মার’ শ্যুটিং

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২১, ০১:৩৬ পিএম

পুরোদমে চলছে ‘অন্তরাত্মার’ শ্যুটিং

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং কলকাতার অভিনেত্রী দর্শনা বনিককে সাথে নিয়ে নির্মাতা  ওয়াজেদ আলী সুমন নির্মাণ করতে যাচ্ছেন ‘অন্তরাত্মা' সিনেমা। পাবনা সদরে রত্নদ্বীপ রিসোর্টে চলছে সিনেমার শ্যুটিং। ঈদে মুক্তি পাবে ছবিটি। সিনেমাটির মহরতও অনুষ্ঠিত হয়েছিল এই রিসোর্টেই। সিনেমার প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন এবং চিত্রনাট্যকার ফেরারী ফরহাদসহ অনেকে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমার শ্যুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান এবং দর্শনা বনিক। কিন্তু অভিনেত্রীর আসা নিয়ে লুকোচুরি করছে নির্মাতা নিজেই। নির্মাতা বলছেন এখন পর্যন্ত শুটিংয়ে আসেননি দর্শনা। যদিও গণমাধ্যমে জানানো হয়েছিল চলতি মাসের ৮ তারিখ থেকেই শাকিব-দর্শনা একসাথেই কাজ শুরু করবেন। এ বিষয়ে নির্মাতা অবশেষে জানিয়েছেন, ‘দর্শনা কয়েকদিন পর থেকে আমার সাথে যোগ দিবেন। যখন তার দরকার হবে আমরা তখন তাকে আনবো। এখন শাকিব খানের অংশের কাজ চলছে।’

কিন্তু এদিকে জানা গেছে ১০ মার্চ রাতেই ঢাকায় চলে এসেছেন দর্শনা। কলকাতার গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করার পর দর্শনা নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিলো, ‘বাংলাদেশের সিনেমায় অংশ নিতে বিমানবন্দরে দর্শনা।’ অভিনেত্রীর আসা নিয়ে এরুপ আলোচনা চলতে থাকলেও পুরোদমে কাজ করে যাচ্ছে ‘অন্তরাত্মা’ সিনেমার টিম। বর্তমানে পাবনা কাজ চললেও নাটোরসহ আরও কয়েকটি জায়গায় আগামী তিন সপ্তাহ শুটিং চলবে।

Link copied!