প্রতিদিন ৫ হাজার করোনা যোদ্ধাকে খাওয়াচ্ছেন সালমান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২১, ০২:২১ পিএম

প্রতিদিন ৫ হাজার করোনা যোদ্ধাকে খাওয়াচ্ছেন সালমান

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা শনাক্তের দিক দিয়ে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে ভারতের। প্রায় প্রতিদিনই আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন প্রতিদিন আড়াই থেকে তিন লাখ। এমতাবস্থায় লাখো করোনা রোগীর সেবায় দেশটির ডাক্তার, নার্সসহ প্রশাসনের কর্মকর্তাদের  দম ফেলানোর সুযোগ নেই। এমন অবস্থায় তাদের খাবার দিয়ে সাহায্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

হিন্দি চলচ্চিত্রের এই সুপারস্টার শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিত ভাবে খাবারের প্যাকেট তুলে দিয়েছেন চিকিৎসক, নার্স, পৌরসভার কর্মী, প্রশাসন সহ ৫ হাজার করোনা যোদ্ধার হাতে।

রবিবার (২৫ এপ্রিল) থেকে সালমন এবং শিবসেনার এই মিলিত প্রচেষ্টা চালু হয়েছে। দলের কোর কমিটির সদস্য রাহুল কনল এক বিবৃতিতে বলিউড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সলমনের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং জলের বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। ভাইজান নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মান পরীক্ষা করছেন।

রাহুল কনল ওই বিবৃতিতে আরও জানান, ‘সালমানের মা সালমা খান তাঁদের বাংলোর নিরাপত্তারক্ষীদের নিজের হাতে খাবার বানিয়ে খাইয়েছেন। এ বিষয়ে রাহুলের মত, ‘বারবরই সালমান করোনা যোদ্ধাদের প্রচণ্ড শ্রদ্ধা করেন। তাঁরা দিনের পর দিন করোনাভাইরাস মহামরি ঠেকানোর যুদ্ধে ব্যস্ত। তাই ভাইজান তাঁদের সুবিধার্থেই এই পদক্ষেপ নিয়েছেন।’

ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে যতদিন লকডাউন চলবে ততদিন ‘ভাইজেনস কিচেন’ এবং শিবসেনার যুব শাখা যৌথ ভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা (পূর্ব) থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌঁছে দেবে। আপাতত ৫ হাজার জনের খাবার পৌঁছে দেওয়া হবে। আগামী দিনে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার হবে, এমনটাই আশ্বাস রাহুলের।

২০২০ সালেও লকডাউনের সময় ‘বিইং হাংরি’ যানে করে পরিযায়ী শ্রমিকদের রেশন পৌঁছে দিয়েছিল সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’।

Link copied!