জুলাই ২৫, ২০২২, ০৮:২১ পিএম
রণবীর সিংহের নিরাবরণ ছবির সিরিজ নিয়ে আলোচনা যেন থামছেই না। অভিনেতার পক্ষে এ কাজ উচিত না অনুচিত, এই বিতর্ক উঠতে উঠতেও এক প্রকার ধামাচাপা পড়ে গিয়েছিল প্রশংসার তোড়ে। তবে সোমবার বড়সড় প্রতিবাদ এল নারীবাদীদের পক্ষ থেকেই। আনন্দবাজার পত্রিকায় এ তথ্য উঠে এসেছে।
নারীর অনুভূতিতে আঘাত করেছেন রণবীর! এমনটাই অভিযোগ উঠেছে। মুম্বাই পুলিশের কাছে তাঁর সাম্প্রতিক নিরাবরণ ফটোশ্যুট নিয়ে অভিযোগ দায়ের করেছেন নারীবাদীরা।
অনাবৃত দেহে কাশ্মীরি গালিচায় আধশোয়া হয়ে ছিলেন রণবীর। চোখেমুখে আবেদন। একগুচ্ছ ছবিতে সে ভাবেই ধরা দিয়েছেন ‘বাজিরাও’। সেই ছবি প্রকাশ্যে আসার পর তুমুল হইচই শুরু হলে অভিনেতা বলেছিলেন, হাজার হাজার মানুষের সামনে অনাবৃত হতে তাঁর কোনও জড়তা নেই।
তবে সেই কথা কি বুক বাজিয়ে কোনও নারী বলতে পারতেন? প্রশ্ন করেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-সহ আরও বেশ কিছু তারকা। ছবিগুলো প্রকাশ্যে আসতে সেই প্রশ্নটাই তুলে ধরেছিলেন তাঁরা। কারণ নারী এমন করলেই সর্বনাশ হয়ে যেত! ঢিঢি পড়ে যেত সমাজে। আর রণবীর পুরুষ বলেই বেঁচে গেলেন?
তবে রণবীর যে অত সহজে রেহাই পাবেন না, তা এ বার বুঝিয়ে দিলেন নারীবাদীরাও। যদি এ কাজ মহিলাদের পক্ষে অশোভন হয়, তবে পুরুষ হয়ে তাঁকেও জবাবদিহি করতে হবে— এমনই দাবি জানালেন একাংশ।