বিয়ে করলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি।বুধবার (১১ আগস্ট) নিলয় বিয়ের বিষয়টি ফেসবুকে হালনাগাদ করলেও, মূলত বিয়ে সম্পন্ন হয়েছে গত জুলাই মাসের ৭ তারিখে।
হৃদি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজেকে লেখক, সাংবাদিক মনে করেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের শুরুর দিকে নিলয় আলমগীর বিয়ে করেছিলেন অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে। ২০১১ সালের নভেম্বর মাসে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় পরস্পরের কাছাকাছি আসেন শখ ও নিলয়। সেই হিসেবে প্রেমের সম্পর্কের পাঁচ বছরের মাথায় বিয়ের কাজটি সেরে নেন। কিন্তু বিয়ের এক বছরের মাথায় ২০১৭ সালে আলাদা হয়ে যান দুজন।
এ বছরের শুরুতেই আনিকা কবির শখের বিয়ের গুঞ্জন শোনা গেলেও সেটা পরিষ্কার হয়নি। এরই মধ্যে নিলয় পরিষ্কার করলেন নিজের জীবনের গতিপথ তিনি ঠিক করে ফেলেছেন। গত মাসেই বিয়ে করেছেন হৃদিকে।