বলিউডের প্রথম সারির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। বলিউডে তার ওঠে আসাটা একেবারে শূন্য থেকে। তবে সময়ের ফেরে বর্তমান সময়ে বলিউডের সবেচেয়ে সেরা অভিনেতাদের একজন তিনি। কিন্তু সেরাদের কাতারে থাকলেও বলিউডের কোনো পার্টিতে তেমন দেখা পাওয়া যায় না তার। কেন বলিউডের পার্টিতে হাজির থাকেন না নওয়াজ?
নিজেই জবাব দিয়েছেন ‘গ্যাং অব ওয়াসিপুর’ অভিনেতা। জানিয়েছেন, এসব পার্টিতে প্রাণের বড্ড অভাব। পাশাপাশি ভণ্ডামিতে ভরা।
‘সারফারোশ’ ছবিতে ছোট চরিত্র থেকে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে ওঠা নওয়াজ আজও থেকে গিয়েছেন সেই পুরোনো নওয়াজেই।
তিনি বলেন, “বেশির ভাগ ছবিতে যে ধরনের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সে রকমই ছাপোষা। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলো নাকি বেশ বাস্তবোচিত। এর পেছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।”
কোনো লুকোছাপা না করেই জানান যে, ভণ্ডামি ব্যাপারটিকে তিনি কোনোকালেই বরদাস্ত করতে পারেন না। আর ঠিক এ কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে অনীহা তার।
তিনি বলেন, “আমি বলিউডের ঝাঁ-চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। আর তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিউড পাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। মিথ্যে ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একদমই পছন্দ না।”