৪ বছর পর ‘পাঠান’ দিয়ে বলিউডের পর্দায় ফিরলেন শাহরুখ খান। তাই মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। এবার বাংলাদেশের শাহরুখভক্তদের জন্য সুখবর। ‘পাঠান’ দেখতে পাবেন দেশের সিনেমা হলেই। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’।
রোববার (১৯ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের কর্তাব্যক্তিরা দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে আলোচনায় একমত পোষণ করেছিলেন।
তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।

গত ২৫ জানুয়ারি 'পাঠান' ভারতে মুক্তি পেয়েছে। আলোচনায় এসেছিল বাংলাদেশেও বড় পরিসরে মুক্তি পাবে ‘পাঠান’। অবশেষে অনেক জল্পনা-কল্পনা শেষে শাহরুখভক্তদের মন রক্ষা হলো। বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা থাকছে না বলে জানান তারা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি শাহরুখ খানের সাথে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান। এবার সিনেমা হলের পর্দায় প্রিয় তারকাদের দেখতে আর নেই দেরি!