বিজ্ঞাপন প্রচারের পর থেকে খোঁজ নেই পরিচালক ঝন্টুর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ০৫:১৪ পিএম

বিজ্ঞাপন প্রচারের পর থেকে খোঁজ নেই পরিচালক ঝন্টুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'সিনেমার জন্য নতুন মুখ চাই' এমন একটি বিজ্ঞাপন নিয়ে আলোচনা হচ্ছে। ঢাকাই চলচ্চিত্র জগতের বিখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর নামে প্রচারিত এই বিজ্ঞাপনটি আসলেই তার নিজস্ব কিনা এ নিয়েও সৃষ্টি হয়েছে দ্বন্দ। এই বিজ্ঞাপনের সত্যতা যাচাই করতে দেলোয়ার জাহান ঝন্টুর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। যদিও বিজ্ঞাপনে তার আসল নাম্বারটিই দেয়া হয়েছে। 

বিজ্ঞাপনে লেখা আছে - একটি রোমান্টিক সিনেমার জন্য নতুন নায়ক নায়িকা চাই। আগ্রহীরা যোগাযোগ করুন। ঠিকানা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বিএফডিসি তেজগাঁও, ঢাকা।বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে ইনবক্সে ছবি ও মোবাইল নাম্বার দিন। 

এই বিষয়ে পরিচালক সোহানুর রহমান সোহানের সাথে যোগাযোগ করা হলে দ্য রিপোর্টকে তিনি জানান, "ঝন্টু ভাই এমন বিজ্ঞাপন দিয়েছেন বলে আমার জানা নেই। তবে এটা ফেইক হতে পারে। ঝন্টু ভাইয়ের প্রোফাইল থেকে অপপ্রচার চালানোর জন্য কেউ এটা করতে পারে। এসবে কান না দেওয়াই ভালো"

Link copied!