বিজয়ী সোহান-সুমন প্যানেল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ১১:৩৪ এএম

বিজয়ী সোহান-সুমন প্যানেল

গতকাল ২রা এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়েছে সোহান-সুমন প্যানেল। নতুন কমিটির সভাপতি হয়েছেন সোহানুর রহমান সোহান এবং মহাসচিব হয়েছেন শাহীন সুমন।

পুরাতন কমিটির মেয়াদকাল শেষ হয়েছিল ৩১ ডিসেম্বর ২০২০-এ। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তখন নতুন কমিটির নির্বাচন আয়োজন করা যায়নি। তাই সময় পিছিয়ে গতকাল ২রা এপ্রিল নির্বাচন আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১ জন। সভাপতি পদে লড়ছেন তিনজন, মহাসচিব পদেও লড়ছেন তিনজন। বিকেলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা কার্যক্রম। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩ টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, বিজয়ী সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট। অন্যদিকে ১৬৫ ভোট পেয়ে মহাসচিব হিসেবে বিজয়ী হয়েছেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ৬৪ ভোট।

১৬৬ ভোট পেয়ে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ। ১৬২ ভোট পেয়ে উপ-মহাসচিব হয়েছেন কবিরুল ইসলাম রানা। ৯টি সম্পাদকীয় পদে জয়লাভ করেন- অর্থসচিব হিসেবে মো. সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল (১৯৩) এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব হলেন আনোয়ার সিরাজী (১৬২)। ১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে- পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।

Link copied!