বিরাট কোহলি আর রণবীর সিং। দুই জগতের বাসিন্দা হলেও দুজনই ভারতের মূল্যবান সেলিব্রেটি। তবুও সেরা বা শীর্ষ স্থান দখল নিয়ে দুজনের মধ্যে তুমুল প্রতিযোগিতা। তবে কোহলিকে হারিয়ে ২০২২ সালে ভারতের সবচেয়ে মুল্যবান সেলিব্রিটির স্থান দখল করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বেসরকারি সংস্থা করপোরেট ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক কনসালটিং ফার্ম ক্রোলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে তারকাদের ভূমিকা ছাড়াও সামাজিকমাধ্যমে তাদের প্রভাবসহ আরও কিছু বিষয়কে নজরে রেখেই সমীক্ষাটি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক অবিরল জৈন।
‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২২’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০০ কোটি ৭৮ লাখ টাকা ব্র্যান্ড ভ্যালুর নিরিখে প্রথম স্থান দখল করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বিরাট কোহলি রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। ভারতীয় এই ক্রিকেটারের মোট ব্র্যান্ড ভ্যালু ১৪৬১ কোটি ২০ লাখ টাকা।
ব্র্যান্ড ভ্যালু অনুয়ায়ি, তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। এ ছাড়া প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং হৃতিক রোশনের মতো তারকারা। তবে আশ্চর্যজনক বিষয়, তালিকায় দশম স্থানে জায়গা পেয়েছেন শাহরুখ খান! শাহরুখের পরেই রয়েছেন সালমান খান।
আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, করপোরেট ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক কনসালটিং ফার্ম ক্রোলের তালিকায় ভারতের সবচেয়ে মুল্যবান সেলিব্রিটির নতুন মুখ হিসেবে এসেছেন কার্তিক আরিয়ান, সারা আলি খান ও কিয়ারা আদভানি। এছাড়া, ২৫ জনের এ তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণী চলচ্চিত্র ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা।
ক্রোলের ব্যবস্থাপনা পরিচালক (ভ্যালুয়েশন অ্যাডভাইজরি সার্ভিসেস) অবিরল জৈন বলেন, “এই বছরের স্টাডির থিম হলো বিয়ন্ড দ্য মেইনস্ট্রিম, যা ক্রীড়াজগতের তারকাদের পাশাপাশি দক্ষিণী ভারতীয় তারকাদের উত্থানকে শক্তিশালী ব্র্যান্ড অ্যাম্বাডেসার হিসেবে স্বীকৃতি দেয়।”