মহামারি করোনা ভাইরাসে অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তের সাথে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারতবাসীদের কাছে বিশেষ অনুরোধ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বর্তমানে ভারতে না থাকলেও নিজের দেশের মানুষদের জন্য চিন্তিত তিনি। তাই অনুরোধ করে সকলকে বাড়িতে থাকতে বলেছেন তিনি।
বলিউডের পাশাপাশি হলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন প্রিয়াংকা চোপড়া। অভিনেত্রীর সাথে গায়িকা হিসেবেও সে পরিচিত। স্বামী নিক জোনাসের সাথে বর্তমানে লন্ডনে আছেন তিনি। কিন্তু নিজের দেশের খবর রাখছেন নিয়মিত। তাই ভারতে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে বেশ ভয়ে আছেন তিনি। সেই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
প্রিয়াংকা টুইট করে লিখেছেন, ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের যে ছবি এবং ঘটনা আমার সামনে উঠে আসছে তা রীতিমতো ভয় পাওয়ার মতো। পরিস্থিতি এখন একেবারেই হাতের বাইরে চলে গেছে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা ভাঙ্গনের মুখে।
প্রিয়াংকা আরও লিখেন, দয়া করে আপনারা বাড়িতে থাকুন। আমার বিশেষ অনুরোধ কেউ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। নিজের এবং নিজের পরিবার, বন্ধু-বান্ধবের কথা মাথায় রেখে বাড়িতেই থাকুন।
এরই সাথে প্রিয়াংকা কিছু সতর্ক বিধি শেয়ার করেছেন তার পোস্টে। সেই সতর্ক বিধিগুলো হলো- প্রত্যেকে বাড়িতে থাকুন, নিজের পরিচিত সকলে বাড়িতে রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন, প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন, আশেপাশের সবার সঙ্গে কথা বলে তাদের বোঝাতে হবে যে, এই পরিস্থিতিকে তোয়াক্কা না করলে চলবে না, আপনার পালা এলে অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিন।