বিয়ে করেছি সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৪:৩১ পিএম

বিয়ে করেছি সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়

বর্তমানে ঢাকাই চলচ্চিত্র জগতে সবচেয়ে চর্চিত নাম অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। গত মাসে চিত্রনায়ক শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে শুরুতে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন বুবলী। পরবর্তীতে সামাজিক মাধ্যমে জানিয়ে দেন  তাদের বিয়ে ও পুত্রসন্তানের কথা। সবশেষ নিজেদের বিয়ের তারিখও প্রকাশ করেন বুবলী।

তবে শাকিব খান ও বুবলির বিয়ে ও সন্তানের বিষয়টি খোলসা হওয়ার পরা আবারও তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়। এবোর গুঞ্জন-তাদের বিচ্ছেদ নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয় আট মাস আগেই শাকিব খান ও বুবলির বিচ্ছেদ হয়ে গেছে। বিভিন্ন সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। অবশেষে এই গুঞ্জনও যে গুজব তা স্পষ্ট করে জানিয়ে দিলেন বুবলি।

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। গণমাধ্যমকে বুবলী বলেন, “এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধগম্য নয়।”

ঢালিউড এই অভিনেত্রী আরও বলেন,  “আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিবাহ বিচ্ছেদ হয়। ওই ঘরেও শাকিব খানের এক পুত্র সন্তান রয়েছে।

Link copied!