'বেবি বাম্পের' ছবিতে পরীমনির চমক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২২, ০৩:৫৪ পিএম

'বেবি বাম্পের' ছবিতে পরীমনির চমক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত ১০ জানুয়ারি জানা গেছে মা হতে যাচ্ছেন তিনি।  মাতৃত্বকালীন এই সময়টুকু সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে ঈদে স্বামী শরিফুল রাজ ও নানাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ছবি পোস্ট করেই আনন্দঘন মুহূর্তগুলোর জানান দিচ্ছেন।

এবার অভিনেত্রী বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন ‘ঢ্যাংঢ্যাং’। এ ছবি প্রকাশের পর পরীমনির ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

ভক্তরা প্রায় প্রতিদিনই কক্সবাজার থেকে পরীমনির পোস্ট করা বিভিন্ন ছবি দেখছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে গত ৫ মে রাতে তিনি যে ছবি পোস্ট করেছেন, সেই ছবিটি আগের সবগুলোকে ছাপিয়ে গেছে। কারণ এই ছবিতে পরীমনির অন্তঃসত্ত্বা রূপ চমৎকার ফুটে উঠেছে, যা বলা যেতে পারে এটি ছিল তার আরেকটি চমক।  

এ সময় চিত্রনায়িকার পরনে সবুজ রঙের গাউন দেখা গেছে। ঠোঁটে হালকা লিপস্টিক। চোখে চশমা। ডান হাতের তর্জনী ছুঁয়েছে চিবুক, বাঁ হাত বেবি বাম্পের নিচে আলতো করে রাখা। চেনা হাসিতে মোহনীয় ভঙ্গিমায় আপ্লুত পরীমনির এই ছবিতে মাতৃত্বের স্বর্গীয় অনুভবের প্রকাশ ঘটেছে।

ভক্তরাও ছবিটিকে ইতিবাচকভাবে নিয়েছেন। অনেকেই শুভেচ্ছা জানানোর পাশাপাশি মা এবং অনাগত শিশুর সুস্বাস্থ্য কামনা করে কমেন্ট করেছেন।

Link copied!