অমিতাভ-ধর্মেন্দ্র-আম্বানির বাড়ি বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৩, ০৬:৩৩ পিএম

অমিতাভ-ধর্মেন্দ্র-আম্বানির বাড়ি বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি

হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র এবং ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয় মুম্বাই শহরজুড়ে সন্ত্রাসী হামলার কথাও বলা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে ওই হুমকি দেন। তবে কে এই হুমকি দিয়েছে তা জানাতে পারেনি মুম্বাই রাজ্য পুলিশ। এ ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই রাজ্য পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে’সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোনে বলেন, ১০ মিনিটের মধ্যে মুম্বাইয়ের কুরলা, জেজে হাসপাতাল, নল বাজার ও ভিন্ডি বাজার এলাকায় বড়সড় বিস্ফোরণ হবে।  এই কথা বলে ব্যক্তিটি ফোনের লাইন কেটে দেন।

বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকির পর নাগপুর পুলিশ দ্রুত সতর্ক করে মুম্বাই পুলিশকে। মুম্বাই পুলিশ অজ্ঞাত ওই কলারকে শনাক্ত করার চেষ্টা করছে। এটি প্রতারণামূলক কোনো ফোন কল ছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের সিনিয়র এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বোমা হামলায় বাড়ি উড়িয়ে দেওয়ার খবর পাওয়ার পরই  মুম্বাই পুলিশ দ্রুত বম্ব স্কোয়াডকে অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে তল্লাশি চালিয়ে তারা কিছুই পায়নি। 

 

প্রসঙ্গত, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের পাঁচটি বাড়ি রয়েছে। এসব বাড়ির নাম হলো— জলসা, জনক, বাস্তু ও প্রতীক্ষা। মুম্বাইয়ে কেনা অমিতাভের প্রথম বাড়ির নাম প্রতীক্ষা। তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এ বাড়িতে বসবাস করতেন। বর্তমানে জলসায় বসবাস করছেন অমিতাভ। জুহুতে বসবাস করেন ধর্মেন্দ্র। অন্যদিকে, দক্ষিণ মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডের একটি বাড়িতে বাস করেন ভারতের অন্যতম ধনী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি।

Link copied!