সম্প্রতি শাকিব খানের সঙ্গে পূজা চেরির প্রেমের গুঞ্জনে তোলপাড় ঢালিউড পাড়া। এমনকি এটাও শোনা যাচ্ছে যে তার কারণেই নাকি শাকিব খান ও বুবলীর সম্পর্কে চিড় ধরেছে। বিষয়টি নিয়ে বিরক্ত এই নায়িকা।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে বিষয়টি খোলাসা করেছেন পূজা।
এক বার্তায় পূজা চেরি জানিয়েছেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই; যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’
পূজা আরও যুক্ত করেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’