এবার তোপের মুখে পড়লেন বলিউড খিলাড়ী অক্ষয় কুমার। একটি পান মসলার বিজ্ঞাপন করে তোপের মুখে পড়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, বিমল ব্র্যান্ডের প্রচারের জন্য অক্ষয় তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে এমন কোনো বিজ্ঞাপন কিংবা সংস্থার সঙ্গে কাজ করবেন না বলেও জানিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন অক্ষয় কুমার।
তিনি লিখেছেন, আমি দুঃখিত। আমার সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে।
অক্ষয় আরও লিখেছেন, বিনয়ের সঙ্গে আমি পিছিয়ে এলাম। এই বিজ্ঞাপন থেকে নেয়া সব অর্থ আমি কোনো ভালো কাজে দান করব। তবে যতদিন আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ না হয়, এই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি চলতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমি সতর্ক থাকবো। এর বিনিময়ে এভাবেই আপনাদের ভালোবাসা ও শুভ কামনা পেতে চাই।