ঈদুল আজহায় মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দিন দ্য ডে’ । প্রায় শতাধিক হলে মুক্তি পাওয়া এই সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল ও বর্ষা। মুক্তি পাওয়া নতুন এই ছবিটির প্রতিক্রিয়া জানতে প্রতিদিনই বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটছেন তারা। এবার এক ভক্তের টানে বগুড়া যাচ্ছেন অনন্ত ও বর্ষা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তথ্যটি জানিয়ে অনন্ত জলিল একটি পোস্টে লিখেছেন, ‘প্রিয় বন্ধুগণ আমার একজন ভক্ত যার নাম রানা, যে কিনা প্রতিবন্ধী রানা হিসেবে পরিচিত, সে আমার প্রথম সিনেমা খোঁজ: দ্য সার্চ দেখার পর থেকে আমার সাথে দেখা করার জন্য নানা ভাবে চেষ্টা করে আসছে। এমন কি তার নিজ এলাকায় নিজ অর্থায়নে আমার নামে বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজ করে আসছে, যা ওই এলাকার লোকজন অবগত আছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের দিন: দ্য ডে সিনেমাটি যখন রিলিজ হবে তখন আমি তার সাথে দেখা করতে তার গ্রামের বাড়িতে যাবো। আমি আমার কথা রাখার জন্য প্রতিবন্ধী রানা এবং অত্র এলাকাবাসীর সাথে দেখা করার জন্য আগামীকাল ১৪ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় আসতেছি ইনশাআল্লাহ।’
অনন্ত জলিলের ভক্ত রানার বাড়ি বগুড়ার কাহালু থানার জাম গ্রাম ইউনিয়নের নিমার পাড়া গ্রামে। স্থানীয় কলিপাড়া আই এইচ হাই স্কুল মাঠে যাবেন অনন্ত ও বর্ষা। এছাড়া ভক্তের সঙ্গে দুপুরের খাবারও খাবেন তারা। এরপর ‘দিন: দ্য ডে’ সিনেমা দেখতে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে যাবেন।
অনন্ত জলিল আরো লিখেছেন, ‘আমরা ইনশাআল্লাহ রানার সাথে দুপুরের খাবার খাবো এবং দুপুরের খাবার শেষ করার পর রানাকে নিয়ে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত মধুবন সিনেপ্লেক্স, বগুড়ায় যাবো এবং ৩ টার শো-তে সিনেমা দেখবো। মধুবন সিনেপ্লক্সে আগত সকল দর্শকদের সাথে একত্রে সিনেমা দেখবো এবং মতবিনিময় করবো ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকার বাজেটের সিনেমা 'দিন দ্য ডে'। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। ‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। দেশের ১০৭ হলে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে।