সহকর্মীদের সঙ্গে গোয়া সফরে গিয়েছিলেন বিগ বস তারকা সোনালি ফোগত। সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ায় সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ এখনও সরকারিভাবে তার মৃত্যুর কারণ জানায়নি।
২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় সোনালির। এর পর হরিয়ানি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে। বেশ কয়েকটি পঞ্জাবি এবং হরিয়ানি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অফ বদমাশ’ অভিনয় করেছেন সোনালি।
ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষবার দেখা গিয়েছিল ‘বিগ বস ১৪’-এ। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয় হন। অভিনয়ের পাশাপাশি রাজনীতেও সক্রিয় ছিলেন সোনালি। প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির পক্ষে থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি।