প্রায়শঃ নানা মাফিয়া গ্রুপের হুমকি পান বলিউড অভিনেতা সালমান খান। সর্বসম্প্রতি এরকম একটি হুমকির চিঠি পাঠানোর অভিযোগে গত ২৬ মার্চ ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির এক বাসিন্দাকে গ্রেফতারও করা হয়। পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা করা হয় ওই ঘটনায়। অভিযুক্ত তাঁর হুমকিতে উল্লেখ করেন যে, সালমান খানের পরিণামও ‘সিধু মুসেওয়ালা’র মতো হবে।
এরপর মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়, ১০ এপ্রিল মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে হুমকির ফোন আসে। যে ফোন করে তিনি নিজের পরিচয় দেন, রকি ভাই নামে। তিনি সালমান খানকে ৩০ এপ্রিল ‘সরিয়ে দেবেন’ বলেও হুমকি দেন।
ওই হুমকির প্রসঙ্গেই মুখ খোলেন বলিউড ভাইজান। সম্প্রতি একটি শো তে এসে সালমান খান বলেন, আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়। আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।
বলিউড নায়ক আরও বলেন, আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্যে কিছু সমস্যা আছে। দুবাইয়ে আমি নিশ্চিন্তে যেখানে-সেখানে ঘুরতে পারি। ইদানীং আমার সাথে এত বন্দুক ঘোরে যে আমারই মাঝে মধ্যে ভয় লাগে।
প্রসঙ্গত, একের পর এক হুমকি পাওয়ার পর সালমান খানের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করে থাকে মুম্বাই পুলিশ।
টাইমস অব ইন্ডিয়া