মাদক মামলায় পেছালো পরীমণির সাক্ষ্যগ্রহণ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২২, ০৭:২৮ পিএম

মাদক মামলায় পেছালো পরীমণির সাক্ষ্যগ্রহণ

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি। তাই সাক্ষ্যগ্রহণে সময় চেয়ে পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আবেদন করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত ওই আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেন। এ সময় অন্য দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

গত ১ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ওই দিন জবানবন্দি শেষে পরীমণি ও কবীর হালদারের পক্ষে অ্যাডভোকেট মাজেদুর রহমান মামুন মামলার বাদীকে জেরা করেন। কবীর হালদারের পক্ষে জেরা শেষ হলেও পরীমণির পক্ষে শেষ হয়নি। অন্য আসামি আশরাফুল ইসলাম দিপুর পক্ষে তার আইনজীবী এস এম আক্তারুজ্জামান হিমেল জেরা করেন। আদালত এদিন অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এর আগে, গত ৫ জানুয়ারি আদালত অব্যাহতির আবেদন খারিজ করে আসামি পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের অভিযানে তার বাসা থেকে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়।

তার পরদিন গত ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন।

Link copied!