এইতো মাত্র কয়েকদিন আগের কথা। এক জনপ্রিয় বিদেশি ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে সোনমের ছবি বেরিয়েছে। তখনও সন্তানসম্ভবা সোনম। বোতাম খোলা ঢিলে শার্ট, প্রায় অনাবৃত শরীরে ফটোশ্যুট। দু’হাতে ছুঁয়ে আছেন ন'মাসের স্ফীতোদর। আর ছবির পাশে প্রচ্ছদে লেখা, ‘পরবর্তী বড় ভূমিকায় সোনম কাপুর আহুজা’।
সেই শুভেচ্ছাবার্তাকেই সঙ্গী করেপুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজা আর তাঁর লন্ডনের সংসার এখন আলোয় আলো। প্রথম বার মাতৃত্বের সুখ পেলেন সোনমও।
তবে অন্য এক ভাবনা এসে ছায়া ফেলছে তাঁর মনে, এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। নিজের অন্তঃসত্ত্বা অবস্থার ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখলেন, ‘জীবনে অগ্রাধিকারের কেন্দ্র বদলায়। আমার ধারণা, সন্তানই এখন আমার কাছে সব। কিন্তু সত্যিটা নির্মম। ওরা চায়নি তো পৃথিবীতে আসতে! আমরা নিজেদের সুখের জন্য শিশুদের আনি। এটা খুবই স্বার্থপর সিদ্ধান্ত।’
শনিবার ২০ অগস্ট জন্ম নিয়েছে সোনম-আনন্দের সন্তান। চলতি বছর মার্চের শুরুতে গর্ভের সন্তানের কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। তার পর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। সন্তানধারণের শেষ কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল তাঁকে। শেষমেশ এল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। সোনমের মা নেটমাধ্যমে তাঁর নাতিকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন।
বিয়ের পর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই থাকছেন সোনম কাপুর। অবশ্য মা হওয়ার আগে দেশে ফিরে আসেন অভিনেত্রী। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালেই হয়েছে অনিলকন্যার সন্তানের জন্ম।