বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন। তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে নয়, সারোগেসির মাধ্যমে। বয়সে ছোট স্বামী নিকের সাথে যখন ছাড়াছাড়ির গুঞ্জন চলছিল ঠিক তখনই শুক্রবার দিবাগত রাতে ইনস্টাগ্রাম পোস্টে নিজের মা হওয়ার খবর নিজেই জানিয়ে দিলেন।

পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সারোগেট পদ্ধ্বতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি। এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার কাছে শুভকামনা চাই যাতে করে পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।“

পোস্টে স্বামী নিক জোনাসকে একটি হার্ট ইমোজিসহ মেনশন করেছেন প্রিয়াঙ্কা। আর পাবলিশ করার পর থেকেই প্রিয়াঙ্কার ওই পোস্টের কমেন্ট বক্স ভেসে যাচ্ছে অভিনন্দনের বন্যায়।
৩৯ বছর বয়সী প্রিয়াঙ্কা ও ২৯ বছর বয়সী নিক জোনাস তাদের বিয়ের তৃতীয় বার্ষিকী উদযাপনের পরপরই প্রথম সন্তান আসার খবর দিলেন।

সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বলিউড জয়ের পর এখন হলিউডেই বেশি মনোযোগী। কিয়ানু রিভসের ম্যাট্রিক্স সিরিজের সর্বমেষ সিনেমায় দেখা গেছে তাকে।