মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামের পুলিশ সুপার এম শামসুল হকের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘দামপাড়া’। সেই শামসুল হকের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অন্যদিকে পুলিশ সুপারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। গত বছরের জুনেই শুটিং শেষ হয়েছিল দামপাড়া সিনেমাটির।
গত ১৮ এপ্রিল সিনেমাটি প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্র পায়। তবে গত ২ মে সেন্সর ছাড়পত্রের কপি হাতে পান বলে নিশ্চিত করেন নাট্যকার ও গবেষক আনন জামান।
এটি শুদ্ধামন চৈতনের পরিচালিত প্রথম সিনেমা। এর আগে নাটক নির্মাণ করে হাত পাকিয়ে এবার বড় পর্দায় সিনেমা মুক্তির অপেক্ষায় এ নির্মাতা।

সিনেমাটি প্রসঙ্গে চিত্রনাট্যকার আনন জামান বলেন, ‘সত্তরের নির্বাচনের পর বঙ্গবন্ধুর বিজয় অর্জনের পর সাকা চৌধুরীর পরিবার চট্টগ্রামে খুব হিন্দু নির্যাতন শুরু করলে, বঙ্গবন্ধু এসপি শামসুল ইসলামকে সিলেট থেকে চট্টগ্রামে নিয়ে আসেন। যখন যুদ্ধ শুরু হয় পাকিস্তানিদের লক্ষ্যই ছিল কী করে এসপি শামসুল ইসলামকে খুন করা যায়। শেষ পর্যন্ত তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুনও করে পাকিস্তানিরা। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায় না। স্বামীহারা স্ত্রীর বর্ণনায় গল্পটি বড় পর্দায় দেখতে পাব আমরা।’
সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে ভাবনা জানান, ‘দামপাড়ায় আমি বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূতের চরিত্রে অভিনয় করেছি। সত্যি বলতে মাহমুদা হক চৌধুরীর চরিত্রটি আমার খুব আপন মনে হয়েছে। সিনেমাটির গল্প দর্শকদের খুব ভালো লাগবে আশাকরি।